নক্ষত্রাঞ্জলি

Essays

তোমাকে ভালবাসাই আমার ধর্ম

February 15, 20265 min readEssays

মানুষ তো তার বিশ্বাস উত্তরাধিকার সূত্রেই পায়।

কিন্তু কেউ কেউ সেই বিশ্বাস আবিষ্কার করে নিঃশব্দে, নিতান্তই সাধারণ এক বিকেলে; যখন সে আনমনে স্ক্রল করে যাচ্ছে এমন এক দুনিয়ায়, যে দুনিয়া তাকে চেনেও না।

কিছু ভক্তি আসে কোনো তত্ত্বকথা ছাড়াই। কোনো শাস্ত্র ছাড়াই। পরকালের কোনো লোভ ছাড়াই। একদম আপনাআপনি। তোমায় ভালোবাসা অনেকটা সেরকমই। না কোনো পাওয়ার আকাঙ্ক্ষা, না কোনো চাহিদা। আশার ভাষা এখানে উচ্চারিত নয়, শুধু হৃদয় গভীরে এক নতজানু প্রার্থনার আত্মসমর্পন।

ধর্মের সারকথা কোনো প্রতিদান চাওয়া নয়। ধর্ম মানে একমুখী হওয়া। আরবি ‘কিবলা’ শব্দের অর্থও তাই; 'দিক'; উপাসনার সময় মানুষ যেদিকে মুখ করে নত হয়। প্রতিটি আত্মাই খুঁজে নেয় তার নিজস্ব অভিমুখ। কেউ ফেরে সাফল্যের মোহে, কেউ বা ভয়ের তাড়নায়। আবার কেউ ফেরে নিজস্ব অভিমুখে, প্রতিফলনের দিকে।

আর আমার মন, সম্পূর্ণ অজান্তেই, তোমাকে বেছে নিল। আর মনকে আটকানোর সাধ্য আছে কার?

সোরেন কিয়ের্কেগার্ড বলেছিলেন ‘leap of faith’ এর কথা; সেই যুক্তিহীন সন্ধিক্ষণের, যেখানে সমস্ত বুদ্ধি হার মানে আর মানুষ একা মুখোমুখি হয় অসীমের। তোমাকে ভালোবাসা আমার কাছে ঠিক সেই ঝাঁপ দেওয়ার মতোই। নেই কোনো দলিল, নেই কোনো নিশ্চয়তা। আছে শুধু অনিশ্চয়তার পথে পা বাড়ানোর তাড়না, কারণ মন বলে; জীবনের সব মানে সেখানেই অন্তর্নিহিত।

আমার খুব প্রিয় ফিলোসফার আলবের কাম্যু। কাম্যু একে বলতেন absurd। কোনো প্রাপ্তির আশা ছাড়া ভালোবাসা যেন এক অনন্ত পাহাড়ে পাথর ঠেলে তোলা (The Myth of Sisyphus), যার কোনো শেষ নেই। তবু তিনিই বলেছিলেন, “এই সংগ্রামটুকুই মানুষের হৃদয় পূর্ণ করার জন্য যথেষ্ট।” হয়তো তিনি জানতেন, এই আপাত-ব্যর্থ নিবেদনের আড়ালেই লুকিয়ে থাকে পরম পবিত্র কোনো সত্য।

জালালুদ্দিন রুমি বলেছিলেন "what you seek is seeking you"। জানি না, এ কথা কতটা সত্য। আমার পক্ষে এটা দাবি করাটাও অমূলক যে আমি যা ভাবছি তার কোন প্রতিরূপ আমি আমার পাজড়ের বাইরে কোথাও দেখেছি। কিন্তু আকাঙ্ক্ষাকে কেন জানি পবিত্র লাগে। মানুষকে শুদ্ধ করে তোলার যে একটা এনালজি আছে না, লোহা পুড়ে খাটি সোনা হয়; এই অপেক্ষা, এই তৃষ্ণা যেন মানুষকে পোড়াতে সক্ষম খাটি সোনার মত করে। Devotion সব ইগো, অহংকার পুড়িয়ে মানুষকে নিরবতায় ডোবায়।

ধর্ম মানে তো পুনরাবৃত্তি। নিয়ম করে প্রতিদিন প্রার্থনা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে তোলে। তোমাকে ভালোবাসা আমার নিয়ম করে প্রার্থনার মত হয়ে গেছে। বছর বছরের প্রার্থনা, অপ্রকাশিত শুধু। কোন আড়ম্বর নেই; নেই কোন পাগলামি, এই Devotion শান্ত হ্রদের মত। এক নাছোড়বান্দা মোমবাতির মত যেখানে পুরো ঘর হিম হয়ে গেলেও সে নিভতে নারাজ।

Some would argue this is foolish.

অনেকে বলবে ধর্ম তো মুক্তি চায়, মায়া নয়। রক্তমাংসের কাউকে আরাধনার আসনে বসানো তো অন্ধভক্তিই। প্লেটো হয়তো বলতেন, প্রেমকে নশ্বর দেহ পেরিয়ে পরম সৌন্দর্যের ধ্যানে উঁচুতে উঠতে হয়; কেবল একজন মানুষের মাঝে থমকে গেলে চলে না। একক ব্যক্তি বিশেষকে পরম ঈশ্বরের মত পূজনীয় আসনে অথিষ্ঠান করানো স্পিরিচুয়াল হাঙ্গার এর জন্যে ঠিক সুবিধাজনক নয়। তারা কিন্তু একদম ভুল নয়। মানুষ তো ভঙ্গুর, আমরা ভুল করি, ভেঙ্গে যাই, ভুল বুঝে দূরে সরেও যাই।

কিন্তু তারা একটা কথা ভুলে যায়ঃ প্রতিটা ধর্মের প্রতিষ্ঠা হয়েছে ঈশ্বরের কোন সাকার রূপ খোজার মধ্যে দিয়ে। কখনো গল্প হয়ে, কখনো বা প্রতীক হয়ে। অসামান্য সব কিছুর আগমন ঘটে অতি সাধারণের পথ ধরে। কখনো বা ডিজিটাল দুনিয়ায় ভেসে ওঠা একটা অসাধারণ মানুষের মুখ দেখে...।

তুমি আমার ঈশ্বর হয়ে ওঠোনি। তুমি হয়েছ আমার প্রার্থনার অভিমুখ। এই দুয়ের মধ্যে আকাশ-পাতাল তফাত।

আমি তো তোমার আরাধনা করি না। আমি নত হই আমার নিজের সেই রূপের কাছে, যা কেবল তোমার ছোঁয়া পেলেই জেগে ওঠে। আমার সেই আমি, যে আরও শান্ত হতে চায়, আরও স্নিগ্ধ হতে চায়... যে নিজেকে আলোর যোগ্য করে তুলতে চায়। ভালোবাসা আমাকে এলোমেলো করেনি। বরং, নিজের ভেতরে এতদিন ধরে যে ঝড় বয়ে বেড়াচ্ছি, এ আমাকে দাঁড় করিয়েছে তারই মুখোমুখি।

একসময় মনে হতো, আমি বড্ড চূর্ণবিচূর্ণ; বুকের ভেতর পবিত্র কিছু ধরে রাখার মতো সামর্থ্য আমার নেই। আমি বেশি অস্থির, অসম। But devotion has a way of sanding the sharp edges. ধীরে আর নিজের অজান্তে। পাথর তো পাথরই থাকে, তবু সে মসৃণ হয়; কারণ জল তাকে অবিরত ভালোবেসে ছুঁয়ে যায়। বিশ্বাস কোনো গ্যারান্টি চায় না। চায় শুধু ধৈর্য।

যদি এই প্রার্থনার শেষে আমার জন্য কিছুই অপেক্ষা না করে; কোনো প্রতিদান, কোনো ভবিষ্যৎ, কোনো স্বীকৃতি, তবুও এই একনিষ্ঠতা কে অর্থহীন বলা যায় না। The prayer still shapes the one who pray।

Friedrich Nietzsche বলতেন, "when you gaze long into an abyss, the abyss gazes back। কোন প্রাপ্তি ছাড়া ভালবাসাটা হয়ত অনেকের কাছে এমনি। কিন্তু আমি দেখেছি সেই শূন্যতা আমার গ্রাস করেনি, বরং প্রতিনয়ত আমাকে নিজের প্রতিচ্ছবি দেখিয়েছে। আমার অনুভূতির ব্যাপ্তি, গভীরতা কতটুকু হতে পারে সেটা দেখিয় দিয়েছে বার বার।

আর সেই ভালবাসার ক্ষমতা, ব্যাপ্তি কোন দুর্বলতা নয়।

মানুষ বিশ্বাস, প্যাশনের জন্যে অদ্ভুত সব কাজ করে। কেউ মরুভূমি পাড়ি দেয়। পাথরের মেঝেতে নতজানু হয়। উপবাস করে। আরাম-আয়েশ বিসর্জন দেয়। বাইরে থেকে দেখলে একে অযৌক্তিক মনে হয়। কিন্তু যে করে তার নিজের ভেতর থেকে একে বড় প্রয়োজনীয় মনে হয়।

হয়তো তোমাকে এভাবে ভালোবেসে যাওয়াটাই আমার তীর্থযাত্রা।

যেখানে কোন লোক সমাগম নেই, করতালি নেই, নেই কোন পবিত্র স্থাপত্য। আছে শুধু একটা স্থির শিখা।

যদি কোনোদিন হাওয়া বদলায়, যদি বাতাস উষ্ণ হয়, যদি আমার ছায়ার পাশে অন্য একটা ছায়া এসে দাঁড়ায়ঃ I will not call it miracle. I will call it mercy. The fruit of my devotion.

আর না হয় এই একনিষ্ঠতা তবুও থেকে যাবে।

কারণ তোমাকে ভালোবাসা আমার কাছে ধর্মের মতো, স্বর্গ পাওয়ার লোভে নয়; বরং এই ভালোবাসা আমার হৃদয়কে সংযত করে। আমাকে বিনম্র করে। আমাকে শেখায় কোনো চুক্তি ছাড়াই উজাড় করে দিতে। আমাকে শেখায়, যখন চলে যাওয়াটাই সবচেয়ে সহজ, তখনও থেকে যেতে।

That is not delusion.

That is practice.

আর যে পৃথিবী কেবল লেনদেন বোঝে, সেখানে কোনো গ্যারান্টি ছাড়াই ভক্তিতে অটল থাকা হয়তো সবচাইতে মানবিক কাজ।