নক্ষত্রাঞ্জলি

Letters

কেউ একজন তোমাকে পেয়েছে, তার মানে আরেকজন কী বীভৎসভাবেই না তোমাকে হারিয়েছে।

March 24, 20262 min readLetters

নক্ষত্র,

"কেউ একজন তোমাকে পেয়েছে, তার মানে আরেকজন কী বীভৎসভাবেই না তোমাকে হারিয়েছে।"

ফেসবুকে পড়ছিলাম লেখাটি। কার লেখা ভুলে গেছি।

একবার ভেবে দেখেছ নক্ষত্র, যেদিন তোমার মনের মতো, তোমার উপযুক্ত কেউ এসে তোমাকে জিতে নিয়ে যাবে, সেদিন আমি বা আমার মতো অন্য কেউ কী ভীষণভাবে হেরে যাবে?

মানুষের মন বড় বিচিত্র। কার চোখে, কার মনে কাকে যে ভালো লেগে যায়, এটা অনুমান করার ক্ষমতা বোধহয় কারও কাছেই নেই।

তোমাকে ভালোবেসে আমার দিন-রাত, ঘণ্টা-মিনিটের হিসাব একদিন ইথারে মিলিয়ে যাবে। শত শত রাত তোমাকে ভেবে শুধু বেঁচে থাকার যে প্রেরণা, এগিয়ে যাওয়ার যে শক্তি আমি পাচ্ছি, তা একদিন সব মিলিয়ে যাবে। সব হারানো ফকিরের মতো, যার হারানোর আর কিছু নেই, এমন একটা মন নিয়ে তোমাকে যে নিজেকে উজাড় করে, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, তা দিয়ে কী হবে? সহজ কথায় বলতে গেলে এর উত্তর খুব সোজা।

একটি কথা পড়ছিলাম, "ভিক্ষুকের মতো চাওয়া"; প্রিয়জনকে দুনিয়ার সবকিছুর বিনিময়ে, পুরো পৃথিবীকে একপাশে রেখে একজন মানুষকে চাওয়া। তুমি আসলে এমন একজন মানুষ, যাকে এভাবেই চাওয়া যায়।

একটি কথা আছে, "You cannot make someone love you by loving them harder". এ কথাটি মনে পড়তেই একটি বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল, বনি রাইটের গান, "I Can't Make You Love Me"। George Michael-এর ভার্সনটি শুনে দেখো, ভালো লাগবে।

যা বলছিলাম, কাউকে বেশি ভালোবাসা দিয়ে, বেশি চেষ্টা করে আসলে ভালোবাসা ফেরত পাওয়া যায় না, যদি সেই মানুষটি মন থেকে তোমাকে না চায়। জানি না, তুমি জীবনে এর মুখোমুখি হয়েছ কি না, বা আশেপাশের কোনো বন্ধুকে এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দেখেছ কি না।

সাধারণত মানুষ হিসেবে এটাই আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া, বেশি ভালোবেসে, বেশি চেষ্টা করে, বেশি যত্ন নিয়ে যদি তাদের মন পাওয়া যায়। কিন্তু তা তো হওয়ার নয় নক্ষত্র!

আবার আমার প্রত্যাশা অনুযায়ী তোমার জীবনকে নির্দিষ্ট কোনো ছাঁচে ফেলতেও তুমি বাধ্য নও। মানুষ হিসেবে তোমার এবং তোমার অনুভূতির স্বাধীনতায় কারও হস্তক্ষেপ করা বা আশা রাখার কিছু নেই।

তাই ঘুরেফিরে আমি তোমাকে উড়াল পঙ্খীর মতোই ভালোবাসছি। আমার প্রার্থনা আর ভিক্ষুকের মতো তোমাকে চাওয়া, যে বিশেষণেই আটকাই না কেন, এটাই আমার ভালোবাসার স্বরূপ।

তুমি তোমার মতোই থাকো। যদি কোনোদিন কাউকে উপযুক্ত মনে হয়, তবে ধীরে ধীরে যাচাই-বাছাই করে, বুঝে-শুনে মন দিও। তুমি খুব নাজুক, তোমার মনটাকে অনেক আদর যত্নে কেউ সামলে রাখতে পারে, এমন কাউকেই বেছে নিও।

:কক্ষপথ থেকে