নক্ষত্রাঞ্জলি

Poems

হয়ত তোমাতে

February 22, 20261 min readPoems

হয়ত তোমাতে- ... নক্ষত্র,

শহুরে বসন্তে বাতাস কেটে রিক্সায়
সন্ধ্যায় আধ-খাওয়া চাঁদ মাথার ওপরে ছুটে চললে,
আমের মুকুল আর কিছু চেনা-জানা ফুলের গন্ধ নাকে ধরা পড়লে,
চলতি পথে আমি তোমার অস্তিত্ব খুঁজে পাই।

তোমারও হয়ত হৃদয় ভেঙ্গেছে কাউকে ভালবেসে,
তুমি হয়ত এসব বসন্তের দিনে কিছু স্মৃতির অদৃশ্য চাদর গায়ে দিয়ে
মলিন মুখে নস্টালজিক হও,
আবার শীতের ধূসর আর বসন্তের বেঙ্গল-গ্রিন এর
সজীব এক অচেনা বা অযাপিত অনুভূতির সম্মোহনে হারাও।

এই শহরে যেমন এতিম বিষাদ ঘোরে,
তেমনি রাতের রিক্সার ম্যাজিক থাকে।
রবীন্দ্র সরোবরের যে চেয়ারটায় তুমি বসেছ সেখানে আমিও বসেছি
যে গাছের কান্ডে হাত রেখেছ, সেখানে আমি কাঁধ রেখেছি নির্ভার চায়ের কাপে।।

হয়ত
তোমাকে ভালবেসে ঘুরে গেছি তোমার বাড়ির গলির মুখ
হয়ত
তোমাকে ভালবেসে যাচ্ছি ...যাচ্ছি
এক নিবিড় বিস্ময়ে।।