নক্ষত্রাঞ্জলি

Poems

স্বনির্বাসন কিংবা নক্ষত্রযাপন

February 22, 20261 min readPoems
Artwork for স্বনির্বাসন কিংবা নক্ষত্রযাপন

তোমাকে ভালবেসে
বেছে নিলাম এক বিচ্ছিন্নতাবাদী জীবন
জন্ম থেকে মৃত্যু অবধি এ আমার ললাট লিখন
স্বেচ্ছা নির্বাসন না হয় বিধাতার অনুকূল নিদর্শন

নাও আমার এই মজলুম প্রেম
নাও আমার এই ছিন্নমূল ভালোবাসা
নাও আমার এই চালচুলোহীন জীবন ও
অনাড়ম্বর এই আয়োজনে যদি তোমার কোন কাজে নাও আসি তবু;

উপদ্রুত এই হৃদয় কূলে
অনাপদ শ্বাপদ ফেনায় ফনা সুনামী
নক্ষত্রের আলোয় নিরাপদ তবু আমার জনপদ

ভাল না বেসে তাই থাকা যায় না
জমে থাকা এই নাতিশীতোষ্ণ ভালোবাসা সংকুল
তোমার চরনামৃত আহূতি।

তবু—
পরিনাম জেনে প্রবল
বসে থাকি নির্দ্বিধায়
পা গেথে মাটির মূলে
চেয়ে দেখি—
ফুটে থাকা আকাশগঙায়
আমার প্রিয় নক্ষত্রফুল

জমিনে আমি অচ্ছুত প্রেত্মাত্তা
মানুষ হবার তরে বেছে নিলাম এই
বিচ্ছিন্নতাবাদী জীবন;
আকাশের নক্ষত্র অথবা
জমিনের কেয়াফুল ভালবেসে।।